মাহবুব আলম মিনার। ২৪ জানুয়ারি ২০২৬
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা কমিউনিটি ফেস অ্যান্ড রাইট (RCPR)-এর উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্যাম্প-৮ডব্লিউ এলাকায় আয়োজিত এই সভায় হাজারো রোহিঙ্গার উপস্থিতি লক্ষ্য করা যায়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা রোহিঙ্গা, আমাদের দেশ রোহাং। এই দেশ আমাদের নয়—মানবিক কারণে বাংলাদেশ আমাদের আশ্রয় দিয়েছে। আজ নয় কাল আমাদের নিজ দেশে ফিরে যেতে হবে। তাই নির্বাচনের সময় কোনোভাবেই যেন রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে না যায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
সভায় উপস্থিত অন্যান্য রোহিঙ্গা নেতারাও নির্বাচনকালীন সময়ে ক্যাম্পের ভেতরে অবস্থান করার জন্য রোহিঙ্গাদের প্রতি বিশেষ অনুরোধ জানান। তারা বলেন, রোহিঙ্গা ক্যাম্পে কোনো অবৈধ অস্ত্র বা গোলাবারুদ যাতে প্রবেশ না করে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। অস্ত্রধারী সন্ত্রাসী বা অপরাধীদের বিষয়ে প্রশাসনকে অবহিত করার পাশাপাশি প্রয়োজনে তাদের ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান নেতারা।

রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ তার বক্তব্যে স্পষ্টভাবে বলেন, ক্যাম্পে কোনো ইয়াবা কারবারির ঠাঁই হবে না। তারা দাবি করেন, ইয়াবা কারবারিরা আরাকান আর্মির সহযোগী এবং তাদের রোহিঙ্গা ক্যাম্পে থাকার কোনো সুযোগ নেই।
এদিকে, রোহিঙ্গা নেতারা বাংলাদেশের প্রশাসন ও সচেতন মহলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ যেন আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা অব্যাহত রাখে। দীর্ঘ আট বছর পেরিয়ে গেলেও রোহিঙ্গারা এখনো নিজ দেশে ফিরতে পারেনি। RCPR গঠনের পর থেকে সংগঠনটি রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে জানান নেতারা।
সভায় আরও বলা হয়, RCPR-এর সভাপতি দিল মোহাম্মদের নেতৃত্বে প্রশাসনের সহযোগিতায় ক্যাম্পে সহিংসতা, খুন, গুম ও আধিপত্য বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে মরিয়া হয়ে উঠেছে বলেও উল্লেখ করেন বক্তারা।
এছাড়া, বাংলাদেশের বিভিন্ন জেলা কারাগারে আটক রোহিঙ্গা যুবকদের নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার আওতায় মুক্তির ব্যবস্থার জন্যও সরকারের কাছে অনুরোধ জানান রোহিঙ্গা নেতারা।
সবশেষে, আসন্ন জাতীয় নির্বাচনের সময় কোনোভাবেই রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে না যাওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।