আন্তর্জাতিক আদালতের প্রাঙ্গণে মিয়ানমারের পতাকা হাতে রোহিঙ্গা যুবকের প্রতিবাদ
মাহবুব আলম মিনার| ২৮ জানুয়ারি ২০২৬
নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) প্রাঙ্গণে মিয়ানমারের পতাকা হাতে নিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছেন এক রোহিঙ্গা যুবক। তার নাম ছৈয়দ উল্লাহ। বিশ্ব বিবেককে নাড়া দিতে তিনি রোহিঙ্গাদের ওপর দীর্ঘদিন ধরে চলমান নির্যাতন, নিপীড়ন ও গণহত্যার চিত্র তুলে ধরেন আবেগঘন ভাষায়।
প্রতিবাদকালে ছৈয়দ উল্লাহ বলেন,
“যখন তারা রোহিঙ্গাদের বিদেশী বলে ডাকত, তখন তোমরা চুপ করে ছিলে। যখন আমাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছিল, তখনও তোমরা অন্য দিকে তাকিয়ে ছিলে। কারণ তখন তোমাদের কাগজপত্র নিরাপদ ছিল।”
তিনি আরও বলেন,
“রাখাইনে গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছিল, নারীদের ধর্ষণ করা হয়েছিল, শিশুদের হত্যা করা হয়েছিল—তখন বলা হয়েছিল এটা রাজনীতি, এটা জটিল। কিন্তু আজ সেই নীরবতার ফল সবাই ভোগ করছে।”
বিশ্ববাসীর উদ্দেশে তিনি সতর্ক করে বলেন,
“নীরবতা রোহিঙ্গাদের রক্ষা করেনি। এটা তোমাকেও রক্ষা করবে না।”
প্রতিবাদ চলাকালে আন্তর্জাতিক আদালত প্রাঙ্গণে উপস্থিত দর্শনার্থী ও মানবাধিকারকর্মীদের মধ্যে গভীর প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অনেকেই এই বক্তব্যকে রোহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে এক শক্তিশালী নৈতিক সাক্ষ্য হিসেবে উল্লেখ করেন।
উল্লেখ্য, রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে একাধিক মামলা চলমান রয়েছে।