মাহবুব আলম মিনার – সম্পাদক আই টি এন নিউজ
২২ সেপ্টেম্বর ২০২৫, ঢাকা পোস্ট ডেস্ক
জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA2025) উচ্চপর্যায়ের অধিবেশনের আগে ইউক্রেন, সুদান, ইয়েমেন, আফগানিস্তান ও সিরিয়ার নারী নেত্রীদের সঙ্গে আলোচনায় যোগ দিয়ে মিয়ানমারের নারীদের পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন রোহিঙ্গা একটিভিস্ট ওয়াই ওয়াই নু। তিনি বলেন, “মিয়ানমারে সেনাবাহিনী কয়েক দশক ধরে যুদ্ধাস্ত্র হিসেবে ধর্ষণ ব্যবহার করে আসছে। এখনো সংঘাত পরিস্থিতিতে নারীরা যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার হচ্ছেন।”

ওয়াই ওয়াই নু বলেন, সংঘাতপূর্ণ অঞ্চলে নারীদের দৃষ্টিভঙ্গি প্রায়ই উপেক্ষিত হলেও নারীরা সম্প্রদায়ের জন্য প্রথম সাড়া দানকারী ও মধ্যস্থতাকারীর ভূমিকায় এগিয়ে আসছেন। তাই তাদের শুধু ভুক্তভোগী হিসেবে নয়, বরং বহুমাত্রিক ভূমিকা স্বীকার করতে হবে।
তিনি জোর দিয়ে বলেন, “মিয়ানমারে কারাগার, যুদ্ধক্ষেত্র, শরণার্থী শিবির এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর শিবিরে নারীদের সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এর জন্য নারীর শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে এবং বর্তমান ও ভবিষ্যতের শাসনব্যবস্থায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”

কারেন নারী থেকে রোহিঙ্গা নারী—সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যেতে হবে ন্যায়বিচার ও সমতার অভিন্ন লক্ষ্য অর্জনের জন্য, বলেও মন্তব্য করেন তিনি।