মাহবুব আলম মিনার । উখিয়া (কক্সবাজার), ২৫ এপ্রিল ২০২৬
কক্সবাজারের উখিয়ার থাইংখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের সামাজিক সংগঠন RCPR-এর উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় আয়োজিত এ সমাবেশে রোহিঙ্গাদের নিজ জন্মভূমি মিয়ানমারের আরাকান (রাখাইন) রাজ্যে সম্মানজনক প্রত্যাবাসনের দাবি তুলে ধরা হয়।
সমাবেশে সংগঠনের চেয়ারম্যান দিল মোহাম্মদসহ নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা বলেন, বাংলাদেশ তাদের স্থায়ী আবাসস্থল নয়, তারা আশ্রিত জনগোষ্ঠী হিসেবে এখানে অবস্থান করছেন। রোহিঙ্গাদের প্রকৃত ঠিকানা মিয়ানমারের আরাকান রাজ্য এবং প্রতিটি রোহিঙ্গাকে একদিন নিজ দেশে ফিরতে হবে।
তারা আরও বলেন, বাংলাদেশ সরকারের সহযোগিতা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকার মাধ্যমে আজ না হয় কাল রোহিঙ্গারা নিজ মাতৃভূমিতে ফিরে যাবে—এমন প্রত্যাশা তাদের রয়েছে।
বক্তারা ক্যাম্পে যুব সমাজকে অপরাধমুক্ত রাখতে কাজ করার কথাও উল্লেখ করেন। মারামারি, খুন, অপহরণ, মাদক ও মোবাইল জুয়ার মতো অপরাধ থেকে তরুণদের দূরে রাখতে সচেতনতা কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানান তারা।
সমাবেশে রোহিঙ্গা যুবকদের বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেন। এছাড়া অন্যান্য সামাজিক সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিও লক্ষ্য করা যায়।
বক্তারা রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন-নিপীড়নের বিষয় তুলে ধরে বাংলাদেশে বিভিন্ন সময়ে আশ্রয় দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানান।
শেষে সংগঠনের চেয়ারম্যান দিল মোহাম্মদ সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।