মোহাম্মদ নুর – কক্সবাজার | ৩ জুলাই ২০২৬
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক ও আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি মাস্টার শুক্কুর আলমকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
শুক্রবার (৩ জুলাই) র্যাব-১৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় র্যাব-১৫-এর সিপিএসসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২ জুলাই) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও দীর্ঘদিনের পলাতক আসামি মাস্টার শুক্কুর আলমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাস্টার শুক্কুর আলম (৩৮) রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্টের ব্লক-সি/৪-এর বাসিন্দা। তিনি মোহাম্মদ ইলিয়াসের ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তার হওয়া আসামি উখিয়া থানার একটি নৃশংস হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। দীর্ঘদিন ধরে তিনি রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে আত্মগোপনে থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে পরিকল্পিত ও আকস্মিক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে তাদের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।