নজরুল ইসলাম (লামা, বান্দরবান) প্রতিনিধিঃ
টানা ভারী বর্ষণে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে ভয়াবহ পাহাড়ধসে একই পরিবারের শিশুসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মিশনপাড়া (পাগলির জিরি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতভর টানা বৃষ্টির পর হঠাৎ পাশের পাহাড়ের একটি বড় অংশ ধসে একটি বসতঘরের ওপর পড়ে। এ সময় পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। মুহূর্তেই ঘরটি মাটিচাপা পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুসহ একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর ধ্বংসস্তূপের নিচ থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।
এ মর্মান্তিক ঘটনায় নিহতদের স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। প্রতিবেশীরা জানান, টানা বর্ষণের কারণে পাহাড়ধসের ঝুঁকি থাকলেও এত বড় দুর্ঘটনার আশঙ্কা কেউ করেননি।
স্থানীয় প্রশাসন পাহাড়ধসপ্রবণ এলাকায় বসবাসকারী মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে অবস্থান না করার জন্য সবাইকে সতর্ক করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিচয়, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে। বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।