৯ ডিসেম্বর ২০২৫ | মাহবুব আলম মিনার
শিক্ষকদের জন্য জারি হলো কঠোর শর্তের নতুন এমপিও নীতিমালা। শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা, আইন পেশা কিংবা বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরিসহ কোনো ‘আর্থিক লাভজনক’ পেশায় জড়িত থাকা যাবে না—এ কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে নতুন নীতিমালায়।
রোববার (৭ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এখন থেকে অন্য কোনো বেতনের চাকরি বা অর্থপ্রাপ্তির কাজে নিয়োজিত থাকতে পারবেন না। নীতিমালার ১১ নম্বর ধারা, ১৭ উপধারা (ক) ও (খ)—এ বিষয়ে সুস্পষ্টভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
উপধারা (ক) অনুযায়ী, এমপিওভুক্ত কোনো শিক্ষক বা কর্মচারী একাধিক চাকরি কিংবা আর্থিক লাভজনক পদে কর্মরত পাওয়া গেলে তার এমপিও বাতিলসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে সরকার।
উপধারা (খ)-তে ‘আর্থিক লাভজনক’ পদের ব্যাখ্যায় বলা হয়েছে—সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, বিশেষায়িত প্রতিষ্ঠান, সাংবাদিকতা ও আইন পেশায় কর্মের বিনিময়ে প্রাপ্ত বেতন/ভাতা/সম্মানী সবই এ শর্তের অন্তর্ভুক্ত।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন অতিরিক্ত সচিব নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন,
> “সরকারি কর্মচারীরা যেমন অন্য কোনো লাভজনক কাজে যুক্ত হতে পারেন না, এমপিওভুক্ত শিক্ষকরা এখন একই নিয়মের আওতায়। তাদের বেতন, বাড়িভাড়া, ঈদ বোনাসসহ বিভিন্ন ভাতাদি সরকার প্রদান করছে। তাই নীতিমালায় স্পষ্টভাবে নিষেধাজ্ঞা যুক্ত করা হয়েছে।”
তিনি আরও জানান, নতুন নীতিমালা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: দৈনিক ইত্তেফাক