শাকুর মাহমুদ চৌধুরী (উখিয়া), কক্সবাজার:
কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন ডা. এহেছান উল্লাহ সিকদার। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করে উখিয়ার স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ শুরু করেছেন।
ডা. এহেছান উল্লাহ সিকদারের যোগদানে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার সূত্রে জানা যায়, ডা. এহেছান উল্লাহ সিকদার একজন দক্ষ, সৎ ও দায়িত্বশীল চিকিৎসক হিসেবে ইতোমধ্যে চিকিৎসা সেবায় সুনাম অর্জন করেছেন। তার যোগদানের মাধ্যমে উখিয়ার স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
নবনিযুক্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেছান উল্লাহ সিকদার দায়িত্ব গ্রহণের পর বলেন, সরকারের স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করব। উখিয়ার সাধারণ মানুষের জন্য উন্নত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।
এদিকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ ডা. এহেছান উল্লাহ সিকদারকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তার দক্ষ নেতৃত্বে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা পাবে।
উল্লেখ্য, উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি কক্সবাজার জেলার একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে দীর্ঘদিন ধরে উপজেলার লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবা প্রদান করে আসছে। নতুন কর্মকর্তার নেতৃত্বে এ সেবার পরিধি ও মান আরও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।