শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়াঃ
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া সমুদ্রের বালিয়াড়িতে অনুষ্ঠিত মহিষের লড়াই প্রতিযোগিতায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর ২০২৫) সকাল সাড়ে ৯টার দিকে একটি মহিষ লড়াই চলাকালে নিয়ন্ত্রণ হারিয়ে দর্শকদের দিকে তেড়ে আসে। এতে মহিষটির তীব্র সিংয়ের আঘাতে মোহাম্মদ (৩৫) নামে এক স্থানীয় ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিযোগিতার এক পর্যায়ে উত্তেজিত একটি মহিষ প্রতিপক্ষকে ধাওয়া করতে গিয়ে হঠাৎ পথ পরিবর্তন করে দর্শকদের দিকে দৌড়ে যায়। প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে যাওয়ার পর মহিষটি তাকে ফেলে আঘাত করে। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এদিকে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ- এ ধরনের প্রতিযোগিতা প্রতিবছর আয়োজন হলেও কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকে না। দর্শকদের জীবনঝুঁকি থেকে রক্ষায় তারা অবিলম্বে মহিষের লড়াই প্রতিযোগিতা বন্ধের দাবি জানিয়েছেন।
স্থানীয়দের প্রশ্ন, মানুষের জীবনের ঝুঁকি নিয়ে এমন বিপজ্জনক খেলা কেন অনুষ্ঠিত হবে? এ বিষয়ে প্রশাসনেরও নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন সচেতন মহল।
ঘটনাস্থলে উপস্থিতরা জানান, আয়োজনকারীদের দায়িত্বহীনতা ও নিয়ন্ত্রণহীন প্রতিযোগিতার কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে।