বান্দরবান | রোববার, ১৬ নভেম্বর ২০২৫
স্টাফ রিপোর্টার: মোঃ মোরশেদ আলম চৌধুরী
বান্দরবানের থানচি উপজেলার নাফাখুম জলপ্রপাতের গভীর গুহা থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. ইকবাল হোসেন (২৪) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
রোববার বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের আগ্রাবাদ স্টেশনের ডুবুরি দলের প্রধান রহিদুল ইসলামের নেতৃত্বে জলপ্রপাতের গভীর পানির নিচের গুহা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গত শুক্রবার বিকেলে নাফাখুমে গোসলে নামার পর নিখোঁজ হন ইকবাল। ধারণা করা হচ্ছে, জলপ্রপাতের তীব্র স্রোতের টানে তিনি গভীর গুহায় আটকে পড়েছিলেন।
ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি, স্থানীয় গাইড ও বোটচালকরা মিলে শনিবার সকাল থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত টানা উদ্ধার অভিযান চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে আসা ১৭ সদস্যের একটি পর্যটক দল আলীকদম হয়ে তিন্দু গিরমিং পাড়ায় পৌঁছায়। সেখান থেকে কোনো অনুমতি বা নিবন্ধিত গাইড ছাড়াই তারা নাফাখুমের উদ্দেশে রওনা দেন। স্থানীয় রিসোর্টে ওঠার পর জলপ্রপাত এলাকায় ঘুরতে গিয়ে গোসলে নামার এক পর্যায়ে ইকবাল নিখোঁজ হন।
থানচি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তরুণ বড়ুয়া বলেন,
“নাফাখুমে পানির স্রোত প্রচণ্ড এবং এলাকা অত্যন্ত পাথুরে। অভিজ্ঞ গাইড ছাড়া সেখানে ভ্রমণ বা গোসল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পর্যটকদের আমরা সবসময় সতর্ক থাকার আহ্বান জানাই।”
ডুবুরি দলের প্রধান রহিদুল ইসলাম বলেন,
“মরদেহটি গভীর গুহায় আটকে ছিল। তিনজন ডুবুরি অক্সিজেন নিয়ে পর্যায়ক্রমে প্রায় ৮ ঘণ্টা কাজ করার পর মরদেহ উদ্ধার সম্ভব হয়।”
থানচি থানার ওসি নাছির উদ্দিন মজুমদার জানান, উপপরিদর্শক (এসআই) মো. রিয়াজুলের নেতৃত্বে পুলিশ মরদেহ থানায় নিয়ে আসছে। থানচি থেকে নাফাখুম পর্যন্ত যাতায়াত করতে প্রায় ১০ ঘণ্টা পথ পাড়ি দিতে হয়। সোমবার সকালে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।