২৭ এপ্রিল ২০২৬ | মাহবুব আলম মিনার
চট্টগ্রামের সাতকানিয়ায় মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় মুহাম্মদ শাহাদাত (৩০) নামে এক চা দোকানি নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং জননিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
রোববার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পাশে উপজেলার ঢেমশা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত স্থানীয়ভাবে রাস্তার মাথায় একটি ছোট চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয়রা জানান, দোকানে অবস্থানকালে কয়েকজন মুখোশধারী ব্যক্তি হঠাৎ এসে তার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি মারধরে গুরুতর আহত হলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে চট্টগ্রাম শহরের হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
শাহাদাতের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। চার সন্তানের জনক শাহাদাত ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে স্ত্রী-সন্তান ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। ব্যস্ত সড়কের পাশে এমন নৃশংস হামলায় নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা সামনে এসেছে বলে মনে করছেন তারা। দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন। জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।