নজরুল ইসলাম – লামা বান্দরবান। ১৩ জানুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে বান্দরবান জেলার লামা উপজেলায় গঠন করা হয়েছে ভিজিল্যান্স ও অবজারভেশন টিম। এর অংশ হিসেবে উপজেলার সরই ইউনিয়নে দায়িত্ব পালন করছেন সংশ্লিষ্ট টিমের সদস্যরা।
নির্বাচন ও গণভোট চলাকালে ভোটকেন্দ্র, কেন্দ্রসংলগ্ন এলাকা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে মাঠপর্যায়ে সক্রিয় রয়েছে ভিজিল্যান্স ও অবজারভেশন টিম। দায়িত্বপ্রাপ্ত সদস্যরা ভোটগ্রহণের আগে ও পরে নির্বাচনসংক্রান্ত যেকোনো অনিয়ম, বিশৃঙ্খলা কিংবা অভিযোগ নজরে এলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করছেন।
সরই ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা ও বিভিন্ন ভোটকেন্দ্রের আশপাশে টিমের সদস্যদের নিয়মিত তৎপরতা লক্ষ্য করা গেছে। এতে ভোটারদের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সদস্যরা জানান, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তারা দায়িত্ব পালন করছেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকার কথা জানিয়েছেন।