মাহবুব আলম মিনার
১৬ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার
কক্সবাজারে অস্ত্র-কার্তুজ ও বিভিন্ন ডাকাতির সরঞ্জাম নিয়ে পরিকল্পনা চলাকালে কক্সবাজারে পুলিশের অভিযানে ধরা পড়েছে এক ডাকাত সদস্য। এ ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের নিয়মিত টহল অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র, কার্তুজ ও সরঞ্জামাদিসহ এক ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) ভোররাত সাড়ে ৩টার দিকে কক্সবাজার পৌরসভার ৬নং ওয়ার্ডের সাহিত্যিকাপল্লী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
থানা সূত্রে জানা যায়, নিয়মিত টহল পরিচালনাকালে পুলিশের গাড়ি দেখে একটি মাইক্রোবাস দ্রুত পিছু হটে পালানোর চেষ্টা করে। বিষয়টি সন্দেহজনক মনে হলে পুলিশ দীর্ঘপথ ধরে গাড়িটিকে অনুসরণ করে। একপর্যায়ে মাইক্রোবাসে থাকা ডাকাত দলের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্র তাক করে বিভিন্ন দিকে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ সাহসিকতার সঙ্গে অভিযান চালিয়ে মো. জসিম উদ্দিন (৪২), পিতা- আবু ছৈয়দ, সাং- আজিম বাপের বাড়ি, সাহারবিল ইউনিয়ন, চকরিয়া উপজেলার এক সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।
অভিযানে ডাকাতি কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়। গাড়ি তল্লাশি করে উদ্ধার করা হয় ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ, ২টি ছুরি, ১টি হাতুড়ি, ১টি গ্রিল কাটার, ১টি ছোট দা, ৪টি কসটেপ, চার জোড়া জুতা, ৩টি মোবাইল, একটি ডিজিটাল নাম্বার প্লেট এবং একটি লেমিনেটেড নাম্বার প্লেটসহ ডাকাতির সরঞ্জামাদি।
পুলিশ জানায়, আটক ডাকাত সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।