মাহবুব আলম মিনার – রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
কক্সবাজারের উখিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) কর্তৃক সারা রাত পরিচালিত অভিযানে মালিকবিহীন ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবি জানায়, শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্তবর্তী ক্যারাঙ্গাঘোনা খালে অবস্থান নেয়। রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে মিয়ানমার থেকে একজন চোরাকারবারীকে বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তল্লাশির চেষ্টা করলে সে দৌড়ে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল তল্লাশি করে রঙিন লুঙ্গিতে মোড়ানো খাকি রঙের প্যাকেট থেকে ৩টি কাটে মোট ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানের পর রাতভর চিরুনি অভিযান চালালেও পলাতক চোরাকারবারীকে আটক করা যায়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীকে শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”
তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে।