মাহবুব আলম মিনার- ১৭ সেপ্টেম্বর ২০২৫
কক্সবাজারের উখিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) কর্তৃক বুধবার সকালে পালংখালী সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে এ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়।
বিজিবি জানায়, সকাল ৮টা ৩০ মিনিটের দিকে পালংখালী বিওপি’র টহল দল সীমান্তে অবস্থানকালে তিনজন সন্দেহভাজনকে মিয়ানমার দিক থেকে আসতে দেখে। তাদের মধ্যে একজনের হাতে সাদা রঙের একটি শপিং ব্যাগ ছিল। বিজিবি সদস্যরা কাছে যেতেই তারা তিনদিকে পালিয়ে যায়। এসময় ব্যাগধারী মাদক পাচারকারী ব্যাগটি ফেলে পালিয়ে মিয়ানমারের ভেতরে চলে যায়।
পরে ওই ব্যাগ তল্লাশী করে দুইটি কাটায় মোড়ানো ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তবে চোরাকারবারিদের কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থল ও আশপাশে চিরুনি অভিযান চালানো হলেও তারা গা-ঢাকা দেয়।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, “পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”
তিনি আরও জানান, বিজিবি শুধু সীমান্ত পাহারা নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে থেকে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে নিয়মিত সাফল্য অর্জন করছে।