নজরুল ইসলাম (লামা, বান্দরবান) ২৯ জুন ২০২৬
বান্দরবানের লামায় কোয়ান্টাম ফাউন্ডেশন ও স্থানীয় বাসিন্দা আব্দুল গফুরের মধ্যে কোয়ান্টাম বৃদ্ধাশ্রমের জায়গা নিয়ে চলমান সীমানা বিরোধ নিরসনে জরুরি শালিসী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) বিকাল ৩টায় লামা থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত থেকে উভয় পক্ষের বক্তব্য শোনেন মাসুম সরদার এবং নাসির উদ্দিন।
বৈঠকে কোয়ান্টাম ফাউন্ডেশনের পক্ষে প্রতিনিধিত্ব করেন অ্যাডভোকেট ফয়সাল আজিজ, পারভেজ মাসুদ, আসাদুজ্জামান খান, সাজেদুর রহমান, মনোয়ার হোসেন ও হাবিবুর রহমান। অন্যদিকে আব্দুল গফুরের পক্ষে উপস্থিত ছিলেন কামাল উদ্দিন (রাবার কামাল), আব্দুল গফুর, জয়নাল আবেদীন (জানু মেম্বার), আনোয়ার হোসেন (কালা আনোয়ার), গিয়াস উদ্দিন (সরদার) এবং রফিকুল ইসলাম।
দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষের সম্মতিতে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে ৪টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রথমত, বর্তমানে কোনো পক্ষই নতুন করে কোনো সীমানা নির্ধারণ বা স্থাপনা নির্মাণ করবে না। উভয় পক্ষ তাদের বর্তমান অবস্থান অনুযায়ী স্থিতাবস্থা বজায় রাখবেন এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করবেন।
দ্বিতীয়ত, কোয়ান্টামকে হেয় করে টানানো সব ধরনের আপত্তিকর ও উসকানিমূলক ব্যানার অবিলম্বে অপসারণ করা হবে।
তৃতীয়ত, এলাকার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে উভয় পক্ষ যৌথভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সরকারি সার্ভেয়ার নিয়োগের আবেদন করবেন। পরবর্তীতে সরকারি সার্ভেয়ার মূল কাগজপত্র ও দলিলের ভিত্তিতে বিরোধপূর্ণ জায়গা পরিমাপ করে সীমানা নির্ধারণ করবেন এবং উভয় পক্ষ সেই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকবেন।
চতুর্থত, সার্কেল এএসপি জয়নাল আবেদীন-কে আপত্তিকর ব্যানার অপসারণ এবং জায়গা পরিমাপ সংক্রান্ত বিষয়ে উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতার দায়িত্ব অর্পণ করেন।
বৈঠকে উপস্থিত সংশ্লিষ্টরা জানান, আলোচনার মাধ্যমে বিরোধ নিরসনের এ উদ্যোগ স্থানীয়ভাবে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।