১০ জানুয়ারি ২০২৬ | মাহবুব আলম মিনার – কক্সবাজার
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিশেষ সমাবেশ করেছে রোহিঙ্গা সংগঠন RCPR (Rohingya Community Peace & Rights)। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় কুতুপালং ক্যাম্প-২০-এর একটি মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে RCPR-এর বিভিন্ন পর্যায়ের নেতারা পর্যায়ক্রমে বক্তব্য রাখেন। এতে সভাপতির বক্তব্যে রোহিঙ্গা কমিউনিটির জিম্মাদার ও রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ বলেন, “বাংলাদেশ আমাদের আশ্রয় দিয়েছে। মিয়ানমারে যুগের পর যুগ আমরা নির্যাতনের শিকার হয়েছি—নারী ধর্ষণ, শিশু হত্যা, গণহত্যা ও ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার মতো ভয়াবহ পরিস্থিতি থেকে প্রাণ বাঁচাতে আমরা বারবার নাফ নদী পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছি। এজন্য আমরা সবসময় বাংলাদেশ সরকার, প্রশাসন ও বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞ।”
তিনি আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্পে শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখা প্রত্যেক রোহিঙ্গার দায়িত্ব। ক্যাম্পে কোনো ধরনের খুন, গুম, অপহরণ কিংবা অবৈধ কর্মকাণ্ডে রোহিঙ্গা যুবকদের জড়ানো যাবে না। যুব সমাজকে এসব অপরাধ থেকে বিরত থাকার জন্য তিনি বিনীতভাবে আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত নেতারা বিশেষভাবে রোহিঙ্গা যুবকদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচনের সময় কোনো রোহিঙ্গা যেন ক্যাম্পের বাইরে না যায়। নির্বাচনকে কেন্দ্র করে রোহিঙ্গা যুবকদের ব্যবহার করে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে—এ লক্ষ্যে ক্যাম্পে অবস্থান করার আহ্বান জানান তারা।
এছাড়া সমাবেশ থেকে রোহিঙ্গাদের মাঝে নিজ দেশে ফেরার আকাঙ্ক্ষা ও দেশপ্রেম জাগ্রত করার ওপর জোর দেওয়া হয়। বক্তারা বলেন, আশ্রয় নিয়ে দীর্ঘদিন অন্য দেশে বসবাস করলে ধীরে ধীরে নিজ দেশের প্রতি টান কমে যায়। অন্যদিকে আরাকান দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে আরাকান আর্মি ও সশস্ত্র গোষ্ঠী মং বাগী। তারা যদি পুরো আরাকান দখল করে নেয়, তাহলে ভবিষ্যতে রোহিঙ্গা প্রত্যাবাসন আরও কঠিন হয়ে পড়বে।
বক্তারা আরও বলেন, রোহিঙ্গা সংকটের আট বছর পেরিয়ে নবম বছরে পা দিলেও এখনো টেকসই সমাধানের আলো দেখা যায়নি। বর্তমান সময়টি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনই রোহিঙ্গা যুবকদের মাঝে নিজ দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি ও দেশপ্রেম সৃষ্টি করতে কাজ করতে হবে।
সমাবেশের শেষ পর্বে রোহিঙ্গা নেতারা বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান, যেন রোহিঙ্গারা নিজ দেশে অধিকার ও নিরাপত্তা নিয়ে ফিরে যেতে পারে। বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।