ঢাকা: সাম্প্রতিক সময়ে মানববন্ধনে দেওয়া এক বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। আলোচিত এই বক্তব্যের বক্তা রাইহানা সুলতানা নাসিম—যিনি কেয়ারি লিমিটেডের পরিচালক এবং সম্মিলিত নারী প্রয়াসের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাইহানা সুলতানা নাসিম একজন সংগ্রামী পরিবারের সন্তান। তার বাবা মীর নাসিম আলী ২০১৫ সালে ছোট ভাই শহীদ মীর কাশেম আলী (রহ.)-এর রায় ঘোষণার পর থেকেই গভীর মানসিক বিপর্যয়ের মধ্যে পড়ে যান। পরবর্তীতে ব্রেইন স্ট্রোকের ফলে তিনি প্যারালাইজড হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন। বর্তমানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
একই সময় পরিবারকে নাড়িয়ে দেয় ব্যারিস্টার আরমানের দীর্ঘদিন ধরে গুম হয়ে থাকার ঘটনা। এসব ধারাবাহিক সংকট রাইহানা সুলতানা নাসিমসহ পুরো পরিবারকে প্রায় এক দশক ধরে চরম মানসিক ট্রমার মধ্যে রেখেছে।
এমন প্রতিকূল বাস্তবতায় পরিবারের ব্যবসায়িক দায়িত্ব কাঁধে নিতে হয় রাইহানা সুলতানা নাসিমকেই। সীমাহীন চাপ, ব্যক্তিগত শোক ও সামাজিক সংকটের মধ্যেও তিনি দৃঢ়তা, সাহস ও দায়িত্ববোধের সঙ্গে পরিবার ও সমাজের প্রতি নিজের কর্তব্য পালন করে চলেছেন।
আজকের মানববন্ধনে দেওয়া তার বক্তব্যে সেই দীর্ঘদিনের যন্ত্রণা, প্রতিবাদ এবং আত্মমর্যাদার প্রকাশ স্পষ্টভাবে ফুটে ওঠে। বক্তৃতাজুড়ে উঠে আসে ন্যায়বিচার, মানবিকতা এবং নারীর দায়িত্বশীল নেতৃত্বের কথা—যা উপস্থিত অনেককেই আবেগাপ্লুত করে তোলে।
সম্মিলিত নারী প্রয়াসের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, রাইহানা সুলতানা নাসিমের বক্তব্য শুধু ব্যক্তিগত কষ্টের বর্ণনা নয়, বরং দীর্ঘদিনের নিপীড়ন ও অনিশ্চয়তার বিরুদ্ধে এক দৃঢ় কণ্ঠস্বর।