উখিয়া (কক্সবাজার), ১৫ ডিসেম্বর: নুরুল ইসলাম বিজয়
কক্সবাজারের উখিয়ায় শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কষ্ট লাঘবে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উখিয়া সেনা ক্যাম্পের উদ্যোগে উখিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেহরাব রহমান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার জিয়া এবং ওয়ারেন্ট অফিসার শাহীন। তাঁদের উপস্থিতিতে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা বলেন, প্রচণ্ড শীতে পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে যখন দিন কাটানো কষ্টকর হয়ে উঠেছিল, তখন সেনাবাহিনীর এই সহায়তা তাঁদের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে। এ মানবিক উদ্যোগের জন্য তাঁরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে ক্যাম্প কমান্ডার মেহরাব রহমান বলেন, দেশের যেকোনো দুর্যোগ ও সংকটকালে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম দায়িত্ব। শীতার্ত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যেই এই কার্যক্রমের মাধ্যমে চার শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিদেরও শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো উচিত। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই শীতের কষ্ট অনেকাংশে লাঘব করা সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।