স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম চৌধুরী
২৮ সেপ্টেম্বর ২০২৫ (রবিবার)
বান্দরবানের লামা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন রোহিঙ্গা নারী এবং একজন স্থানীয় পুরুষ রয়েছেন।
রবিবার রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হায়দারনাশী এলাকায় হেলাল মেম্বারের বাগানবাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় আসামিদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—
মোঃ হাসান (২৭), পিতা-মোঃ মুরাদ, সাং-২ কুতুপালং, উখিয়া, কক্সবাজার
ইয়াছমিন আরা (২৪), স্বামী-মোঃ হাসান, সাং-২২, ব্লক-সি/৫, উখিয়া, কক্সবাজার
খতিজা বেগম (৫৫), স্বামী-মোঃ কাশেম, সাং-ঈদগড়, বার্মাপাড়া, রামু, কক্সবাজার
শাহানু আক্তার (৩৫), স্বামী-মোঃ রফিক, সাং-২ কুতুপালং, উখিয়া, কক্সবাজার।
লামা থানার পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় মামলা (নং-১১, তারিখ: ২৮/০৯/২০২৫) রুজু করা হয়েছে। বর্তমানে তারা থানার হেফাজতে রয়েছে।
পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত ছিল।