এস এম রমজান আলী-স্টাফ রিপোর্টার | ২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার | ঢাকা
খাগড়াছড়িতে অস্থিতিশীলতা সৃষ্টির ইন্ধন, হত্যা, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র ব্যবসার অভিযোগে সাজাপ্রাপ্ত আসামি মাইকেল চাকমাকে গ্রেফতার এবং পার্বত্য অঞ্চলে উপজাতি নারীদের ধর্ষণের ঘটনার বিচার দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিসিপি)।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু চত্বরে আয়োজিত এ মানববন্ধনে পিসিসিপির কেন্দ্রীয় ও মহানগর নেতারা অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী এখনো প্রকাশ্যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সংগঠনটির অন্যতম নেতা মাইকেল চাকমা হত্যাসহ নানা অপরাধে দোষী সাব্যস্ত হলেও প্রশাসনের নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছে। বক্তারা তার দ্রুত গ্রেফতার ও বিচার দাবি জানান।
পিসিসিপির কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ হোসেন কায়েশ বলেন, “পার্বত্য অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের মধ্যে অন্যতম মাইকেল চাকমা। তার বিরুদ্ধে খুন, গুম ও অস্ত্র ব্যবসার প্রমাণ থাকা সত্ত্বেও সে এখনো অবাধে চলাফেরা করছে। প্রশাসনের নীরবতা আমাদের জন্য উদ্বেগজনক।”
তিনি আরও বলেন, রাঙামাটি জেলার কাপ্তাইয়ে প্রতিবন্ধী মারমা নারীকে একই সম্প্রদায়ের এক যুবক মাসের পর মাস ধরে ধর্ষণ করেছে। পরে প্রথাগত বিচারে মাত্র পাঁচ হাজার টাকা ও একটি শূকর জরিমানা করে ঘটনাটি ধামাচাপা দেওয়া হয়েছে — যা মানবাধিকার ও আইনের চরম লঙ্ঘন।
সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, পাহাড়ে বারবার বাঙালি পরিবারের ঘরবাড়ি ভাঙচুর, গুলিবর্ষণ এবং ধর্ষণের মতো ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তা উদ্বেগজনক। তারা ইউপিডিএফসহ সব সশস্ত্র গোষ্ঠী নিষিদ্ধ করা, পাহাড়ে যৌথবাহিনীর অভিযান জোরদার করা এবং সব সম্প্রদায়ের জন্য সমান আইনি সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান।
সভায় উপস্থিত ছিলেন পিসিসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. রাসেল মাহমুদ, সহ-সভাপতি আল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, সম্প্রীতি ঐক্য জোটের সমন্বয়ক থোয়াই চিং মং চাক, ঢাকা মহানগর দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মেহেদী হাসান জাকির, অর্থ সম্পাদক মুহিব্বুল্লাহ পারভেজসহ অনেকে।