মাহবুব আলম মিনার | ২৭ জানুয়ারি ২০২৬
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের জীম্বংখালী সংলগ্ন নাফ নদী সীমান্তে মিয়ানমার সীমান্তের দিক থেকে ছোড়া গুলিতে সোহেল (১৫) ও ওবায়দুল্লাহ (১৪) নামে দুই কিশোর গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুই কিশোর হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকার বাসিন্দা। তারা হলেন—শেখ কামালের ছেলে সোহেল এবং একই এলাকার মোহাম্মদ ইউনুছের ছেলে ওবায়দুল্লাহ।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে হোয়াইক্যং জীম্বংখালী বিওপির পূর্ব পাশে নাফ নদী-সংলগ্ন কেওড়া বাগানে লাকড়ি সংগ্রহ করতে যান সোহেল ও ওবায়দুল্লাহ। এ সময় হঠাৎ মিয়ানমার সীমান্তের ভেতর থেকে গুলিবর্ষণ শুরু হলে তারা দু’জনই গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ ওবায়দুল্লাহর মামা মোহাম্মদ ইসমাইল জানান, গুলির শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে গুরুতর অবস্থায় তাদের উখিয়ার কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, সোহেলের বাম পা ও হাতে এবং ওবায়দুল্লাহর মাথায় গুলি লেগেছে। বর্তমানে দু’জনের অবস্থাই আশঙ্কাজনক।
এদিকে, উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জি জানান, সকাল ১১টার দিকে হোয়াইক্যং সীমান্তে নাফ নদীর প্রায় ৫০০ গজ ওপারে মিয়ানমার অংশ থেকে গুলিবর্ষণের বিষয়টি তারা জানতে পেরেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের প্রভাব দীর্ঘদিন ধরে নাফ নদী সীমান্তে পড়ছে। এর আগেও একাধিকবার গুলিবর্ষণ, মর্টার শেল পড়া ও অনুপ্রবেশের ঘটনায় সীমান্তজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, সীমান্তে নিরাপত্তাহীনতার কারণে নিরীহ মানুষ প্রায়ই প্রাণঝুঁকিতে পড়ছেন।
ঘটনার পর নাফ নদী তীরবর্তী গ্রামগুলোতে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সীমান্তবাসীরা দ্রুত কার্যকর কূটনৈতিক উদ্যোগ ও স্থায়ী নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।