তারিখ: ১৪ নভেম্বর ২০২৫, টেকনাফ
১৫ নভেম্বর ২০২৫ ইং। মাহবুব আলম মিনার সম্পাদক আই টি এন নিউজ
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের চৌকিদার পাড়া গ্রামের শতাধিক বাসিন্দার রাত কাটছে চরম আতঙ্কে। ডাকাতদলের ভয়ে গ্রামবাসীরা প্রতিদিন রাত নামার সঙ্গে সঙ্গে নিজেদের ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিচ্ছেন স্থানীয় মসজিদের উঠান ও বারান্দায়। শিশু, নারী ও বৃদ্ধসহ স্থানীয়দের রাত কাটাতে হচ্ছে খোলা জায়গায়, অন্ধকারে, চরম অসহায় ঘেরাটোপে।
স্থানীয়দের অভিযোগ, কয়েক মাস ধরে এলাকায় ডাকাতদের তৎপরতা বেড়ে গেছে। রাতে নিয়মিত গুলি ছোড়া, বাড়ি-ঘরে হামলার চেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের কারণে কারোই নিজের ঘরে অবস্থান করা সম্ভব হচ্ছে না। তারা জানান, বিষয়টি বারবার রাজনৈতিক নেতাদের, ইউনিয়ন পরিষদের দায়িত্বশীলদের এবং থানা পুলিশকে জানালেও কোনো কার্যকর উদ্যোগ পাওয়া যায়নি।
গ্রামবাসীদের দাবি, চৌকিদার পাড়া এলাকায় একটি যৌথ চেকপোস্ট স্থাপন এবং রাতে বিজিবি–পুলিশের যৌথ টহল দিলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। এতে তারা অন্তত স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।
অভিযোগ তুলে একজন ক্ষুব্ধ বাসিন্দা বলেন, “সরকার যদি দেশের সাধারণ মানুষের জানমালই রক্ষা করতে না পারে, তাহলে এত প্রশাসনের প্রয়োজন কী? রাজনৈতিক নেতারাই বা কীভাবে আমাদের কাছে ভোট চাইতে আসবে?”
এ বিষয়ে স্থানীয় সচেতন মহলের অন্যতম শহীদ উল্লাহ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার পোস্টের নিচে বহু স্থানীয় মানুষ দুঃখ–ক্ষোভ প্রকাশ করে লিখেছেন—
“আমরা রাত দিন আতঙ্কে আছি, কিন্তু কেউ আমাদের কথা শুনছে না।”
“ডাকাতের ভয় ছাড়াই বাঁচতে চাই—এটাই কি বেশি চাওয়া?”
গ্রামবাসীরা দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জোর দাবি জানিয়েছেন।