মোহাম্মদ নুর। ১৭ ফেব্রুয়ারি ২০২৬
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-৫ এর ই/৫ ব্লকে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৫টি শেল্টার সম্পূর্ণরূপে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।
জানা যায়, ভোর আনুমানিক ৩টা ১০ মিনিটে ক্যাম্প-৫ এর ই/৫ ব্লকে আশ্রিত রোহিঙ্গা জাফরের শেল্টার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের শেল্টারগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও স্থানীয় রোহিঙ্গাদের ধারণা, মশার কয়েল অথবা বিড়ির আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনসহ ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের সঙ্গে ক্যাম্পের মোবাইল ফায়ার ইউনিট ও স্থানীয় রোহিঙ্গা স্বেচ্ছাসেবকরাও সম্মিলিতভাবে আগুন নেভাতে অংশ নেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় আনুমানিক ভোর ৩টা ৫৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় ৩৫টি শেল্টার সম্পূর্ণভাবে পুড়ে ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও আগুনের সঠিক কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।