২১ ডিসেম্বর ২০২৫ | উখিয়া (কক্সবাজার) মাহবুব আলম মিনার
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক মানবিক মেডিসিন সংস্থা (এমএসএফ)–এর একটি গাড়ির চাপায় ১৮ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ৮ডব্লিউ এলাকায় অবস্থিত এমএসএফ হাসপাতাল চত্বরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম মুহিব উল্লাহ (১৮ মাস)। সে উখিয়ার বালুখালী ক্যাম্প–১৮ এর ব্লক এইচ-৬৭–এর বাসিন্দা মোহাম্মদ ইয়াসিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটিকে নিয়ে তার মা চিকিৎসার জন্য এমএসএফ হাসপাতালে আসেন। হাসপাতালের উঠানে শিশুটি খেলছিল। এ সময় এমএসএফ হাসপাতালের একটি গাড়ি ভেতরে প্রবেশ করার সময় চালকের অসতর্কতায় শিশুটি গাড়ির চাকার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর শিশুটিকে এমএসএফ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ নিহত শিশুটির মরদেহ তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার জন্য সম্পূর্ণভাবে এমএসএফের গাড়িচালকের অবহেলা দায়ী। তবে এ ঘটনায় এমএসএফ কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। নিহত শিশুটির পরিবারের সঙ্গে কোনো সমঝোতা বা ক্ষতিপূরণ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাটি ক্যাম্পবাসীদের মধ্যে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে।