শাহি কামরান, কক্সবাজার || শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
সৌদি আরবে প্রবাসী সাইফুল ইসলাম শফির রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চলছে তোলপাড়। ব্যাগভর্তি লাশ উদ্ধারের ঘটনায় সৌদি পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আগামিকাল পবিত্র মক্কায় তার নামাজে জানাজা সম্পন্ন করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ঘটনাটি প্রথম আলোচনায় আসে, যখন সৌদি পুলিশ সাইফুলের মরদেহ উদ্ধার করে। স্থানীয় সাংবাদিক শাহি কামরান বিষয়টি অনুসন্ধানমূলকভাবে তুলে ধরেন।
তার অনুসন্ধানে জানা যায়, সাইফুলের সঙ্গে সৌদি আরবে অবস্থান করতেন আরও দুজন প্রবাসী—ইমরান ও আনছার। দুজনই সাইফুলের ঘনিষ্ঠ ছিলেন এবং তার অধীনে কাজ করতেন। তবে সাইফুল নিখোঁজ হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে এ দুজন হঠাৎ বাংলাদেশে ফিরে আসেন। স্থানীয়রা জানান, দেশে ফিরে তারা অস্বাভাবিক বিলাসবহুল আচরণ শুরু করেন এবং একাধিকবার ছুটি নিয়ে দেশে আসায় এলাকায় সন্দেহের সৃষ্টি হয়।
এরপর সাইফুলের মরদেহ উদ্ধারের পর থেকে ইমরান ও আনছার দুজনেই গা-ঢাকা দিয়েছেন। তাদের মোবাইল নম্বর বন্ধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের একাউন্ট মুছে ফেলা হয়েছে। এমনকি পরিবারের সদস্যরাও তাদের অবস্থান জানাতে অনাগ্রহ প্রকাশ করেছেন।
সৌদি আরবে সাইফুলের পরিচিত প্রবাসীসহ তার পরিবার দাবি করছে—এই দুজন রহস্যজনক মৃত্যুর সঙ্গে জড়িত থাকতে পারেন। ইতোমধ্যে সৌদি পুলিশ বিষয়টি তদন্ত করে বাংলাদেশ দূতাবাসে মামলা করার পরামর্শ দিয়েছে।
এদিকে, এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী মানববন্ধনের ঘোষণা দিয়েছেন। তারা ইমরান ও আনছারের দ্রুত গ্রেপ্তার ও তদন্তের দাবি জানিয়েছেন।