সোমবার (২৯ সেপ্টেম্বর)
কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়ায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুতকৃত ২৯ কার্টুন ওষুধসহ দুটি গাড়ি জব্দ করেছে গর্জনিয়া পুলিশ ফাঁড়ি। এ সময় পাচারচক্রের তিনজনকে আটক করা হয়।
জব্দকৃত ওষুধের বাজারমূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়দের দাবি, এসব ওষুধ আরাকান আর্মির কাছে পৌঁছে দিতে চোরাকারবারিরা কৌশলে স্কয়ার কোম্পানির লোগোযুক্ত ভ্যান ব্যবহার করছিল।
আটককৃতরা হলেন—রামুর কচ্ছপিয়া মৌলভীকাটা এলাকার মো. সালামত উল্লাহ (২৮), ঢাকা ধামরাই এলাকার তারিকুল ইসলাম (৪৮) এবং নোয়াখালীর কবিরহাট সুন্দরপুর এলাকার মো. রিয়াজুল্লাহ (৩৬)।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহাজান মনিরের নির্দেশনায় এসআই মাসুম ফরহাদ ফোর্সসহ দুপুর সাড়ে ১২টার দিকে কচ্ছপিয়া ইউনিয়নের তিতারপাড়া হাইস্কুল সড়কের গ্রামীণ ব্যাংকের সামনে অভিযান চালান। এ সময় একটি ভ্যান (ঢাকা মেট্রো ম- ৫১-৫৯৪৪) এবং একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। তবে সিএনজির চালক শহিদুল্লাহ পালিয়ে যায়। তাকে ধরতে অভিযান চলছে।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহাজান মনির বলেন, “দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্র স্থানীয় চোরাকারবারিদের সহযোগিতায় স্কয়ার কোম্পানির ভ্যান ব্যবহার করে গর্জনিয়া বাজার থেকে ওষুধ মিয়ানমারে পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারের আগেই ওষুধ ও তিনজনকে আটক করা হয়েছে।”
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও চোরাচালান আইনে মামলা রুজু করা হয়েছে।