মাহবুব আলম মিনার
২৫ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার):
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এর অংশ হিসেবে গত ১৮ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীসহ সারাদেশে যৌথ বাহিনীর সমন্বয়ে একাধিক অভিযান পরিচালিত হয়েছে।
এ সময়ে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, অনলাইন জুয়ারী ও মাদকাসক্তসহ মোট ৪৪ জনকে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৭টি অবৈধ আগ্নেয়াস্ত্র, একটি ককটেল, ১৩২ রাউন্ড গুলি, দেশি-বিদেশি ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, ককটেল তৈরির রাসায়নিক, মোটরসাইকেল, পুলিশের পোশাক, মোবাইলফোন, চোরাই মালামাল এবং নগদ অর্থ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে তারা নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিশেষ করে শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সেনাবাহিনী সরাসরি সম্পৃক্ত রয়েছে।
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। পাশাপাশি সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে সাধারণ জনগণকে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।