শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া। ২৮ মার্চ ২০২৬ শনিবার
কক্সবাজার শহরে বসবাসরত উখিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, দেশের অন্যতম শীর্ষ দৈনিক দৈনিক জনকণ্ঠ-এর কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার এবং আইটিএন নিউজ বিডি ডটকম-এর প্রধান উপদেষ্টা, কক্সবাজার জেলার প্রবীণ ও সৎ সাহসী সাংবাদিক হামিদ মোহাম্মদ এরশাদ (এইচ এম এরশাদ) আর নেই।
তিনি আজ শনিবার (২৮ মার্চ ২০২৬ খ্রি.) সকাল ৭টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য সহকর্মী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন। বর্তমানে তিনি মহান রবের জিম্মায় ন্যস্ত হয়েছেন।
তার মৃত্যুতে উখিয়াসহ কক্সবাজার জেলার সাংবাদিক মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহকর্মীরা হারিয়েছেন এক নির্ভীক, নীতিবান ও আদর্শবান সংবাদকর্মীকে। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন। সত্য ও ন্যায়ের পক্ষে তাঁর অবস্থান তাকে সহকর্মীদের মাঝে অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছিল।
সাংবাদিক এরশাদের পেশাগত জীবনের প্রতিটি ধাপে ছিল মানুষের কল্যাণে নিবেদিত এক আন্তরিক প্রয়াস। সমাজের নানা অসঙ্গতি তুলে ধরতে তিনি ছিলেন আপসহীন, আর এই কারণেই তিনি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন।
তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
জানা গেছে, আজ আসরের নামাজের পর কক্সবাজার সদরের হাশেমিয়া মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মহান আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা- তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মকাম দান করেন এবং শোকাহত পরিবার-পরিজনকে এ শোক সহ্য করার তৌফিক দান করেন।