নুর হোসাইন। ১৩ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১১ এ ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪৫টি শেল্টার সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় সোনা বাণু (৮৬) নামে এক বৃদ্ধা রোহিঙ্গা নারী নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে ৮ এপিবিএন ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-১১ এর ই/৫ ও ই/১৪ ব্লকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং একের পর এক শেল্টার দাউদাউ করে জ্বলতে থাকে।
প্রাথমিকভাবে জানা গেছে, আগুনে প্রায় ৪৫টি শেল্টার সম্পূর্ণরূপে পুড়ে যায়। অগ্নিকাণ্ডে সোনা বাণু (৮৬), স্বামী মৃত আকবর, এফসিএন নং ১২৩০৫১, ব্লক-ই/১৪ গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ সেনাবাহিনী এবং স্থানীয় রোহিঙ্গাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত আনুমানিক ৪টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ধারণা করা হচ্ছে, ই/১৪ ব্লকে অবস্থিত একটি এনজিও ফোরামের কার্যালয় থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে কীভাবে আগুনের উৎপত্তি হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জরুরি সহায়তা প্রদানের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।