মাহবুব আলম মিনার। ১৬ নভেম্বর ২০২৫
টেকনাফের শীলখালী, চৌকিদার পাহাড় ও বাহারছড়া এলাকায় সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ডাকাতি ও অপহরণের পুনরাবৃত্ত ঘটনার বিস্তৃত আলোচনা এবং উদ্বেগের পর বিষয়টি আমলে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত পদক্ষেপ নিয়েছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।
স্থানীয়রা জানিয়েছেন, বাহারছড়া ইউনিয়নসহ আশপাশের ঝুঁকিপূর্ণ এলাকায় অপহরণের ঘটনা ধারাবাহিকভাবে বাড়ছিল, যা সার্বিক নিরাপত্তা পরিস্থিতিকে নাজুক অবস্থায় ঠেলে দেয়। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে ২ বিজিবি ইতোমধ্যে এসব এলাকায় বিশেষ নজরদারি, টহল এবং সম্ভাব্য অপরাধ দমনে কৌশলগত প্রস্তুতি জোরদার করেছে।
এর অংশ হিসেবে বাহারছড়া ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় নেতৃবৃন্দ এবং বাসিন্দাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে বিজিবির প্রতিনিধি দল। বৈঠকে এলাকার নিরাপত্তা পরিস্থিতি, ঝুঁকিপূর্ণ পয়েন্ট শনাক্তকরণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে যৌথ পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
এলাকাবাসী মনে করছেন, বিজিবির এই উদ্যোগ সাম্প্রতিক অপহরণ ও ডাকাতি পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে জানিয়েছেন—এ ধরনের মাঠপর্যায়ের কার্যক্রম জননিরাপত্তায় নতুন আশার সঞ্চার করেছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধী চক্র দমনে অভিযান আরও জোরদার করা হবে এবং স্থানীয়দের সহায়তায় টেকনাফের সীমান্তবর্তী এলাকা নিরাপদ রাখতে সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।