নজরুল ইসলাম, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম উপজেলায় ভেরোনিকা ত্রিপুরা নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সে আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, গত শুক্রবার পারিবারিক একটি ঘটনার পর ভেরোনিকা অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রবিবার হাসপাতাল থেকে তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। সোমবার পারিবারিক ও ধর্মীয় রীতি অনুযায়ী তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
ভেরোনিকার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অসতি ত্রিপুরা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নব আরা বেগম। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, “মেয়েটি অত্যন্ত শান্ত ও চাপা স্বভাবের ছিল। ক্লাসে কারও সঙ্গে ঝামেলায় জড়াত না। শিক্ষকদের প্রশ্নের উত্তরও খুব সংক্ষিপ্তভাবে দিত। কারও প্রতি কোনো অভিযোগ ছিল না তার।”
তার এই অকাল প্রয়াণে সহপাঠী, শিক্ষক, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশের পাশাপাশি শিশু-কিশোরদের মানসিক সুস্থতার প্রতি পরিবার ও সমাজের আরও বেশি যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে, সচেতন মহলের মতে, শিশুদের মানসিক পরিবর্তন ও আবেগকে গুরুত্ব দিয়ে তাদের সঙ্গে নিয়মিত কথা বলা এবং বাড়িতে ঝুঁকিপূর্ণ ও বিষাক্ত পদার্থ নিরাপদে সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। তাদের ভাষ্য, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত সচেতনতাই এ ধরনের মর্মান্তিক ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।