মাহবুব আলম মিনার। ১৭ জুলাই ২০২৬
কক্সবাজার: চকরিয়া উপজেলার বন্যাকবলিত মানুষের মাঝে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে ১ হাজার ৫০০ খাদ্য প্যাকেট বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (১৭ জুলাই) চকরিয়া উপজেলার তিনটি স্থানে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি রিজিয়ন সদর দপ্তর, কক্সবাজারের নির্দেশনায় এবং সেক্টর সদর দপ্তর, রামুর সহযোগিতায় রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হয়।
খাদ্যসামগ্রী বিতরণের আওতায় চকরিয়া পৌরসভার বাঁশঘাট এলাকায় ৫০০, লক্ষ্যারচর ইউনিয়নের সিআইপি মার্কেট এলাকায় ৫০০ এবং কাকারা ইউনিয়নের কাকারা বিডিসি বাইন্ড সেন্টার (শাহ ওমরাবাদ) এলাকায় আরও ৫০০ প্যাকেট বিতরণ করা হয়। সব মিলিয়ে ১ হাজার ৫০০ বন্যার্ত পরিবারের হাতে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান, রামু সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়া কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, বিএনপি ও যুবদলের স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।