শাকুর মাহমুদ চৌধুরী (উখিয়া) কক্সবাজার। ২২ এপ্রিল ২০২৬
কক্সবাজারের উখিয়া উপজেলায় তীব্র গরমের সঙ্গে ঘনঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এর সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়ছে উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে। বিদ্যুৎ না থাকায় শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, সৃষ্টি হয়েছে এক ধরনের বেহাল পরিস্থিতি।
সরেজমিনে দেখা যায়, প্রচণ্ড গরমে শিক্ষার্থীরা ক্লাসে বসে থাকতে পারছে না। অনেক বিদ্যালয়ে পর্যাপ্ত ফ্যান থাকলেও বিদ্যুৎ না থাকায় সেগুলো অচল হয়ে পড়েছে। এতে ছোট ছোট শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন শিক্ষকরা।
এদিকে চলমান এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। পরীক্ষার প্রস্তুতির সময় নিয়মিত বিদ্যুৎ না থাকায় পড়াশোনায় ব্যাঘাত ঘটছে।
অনেক পরীক্ষার্থী অভিযোগ করে বলেন, রাতের বেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ঠিকমতো পড়াশোনা করা সম্ভব হচ্ছে না, যা তাদের ফলাফলের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একাধিক শিক্ষক জানান, বিদ্যুৎ সংকটের কারণে পাঠদানের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। গরমে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে শিক্ষার মান ধরে রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় অভিভাবকরাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সহনীয় পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ও পরীক্ষার ফলাফল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন সচেতন মহল।