মাহবুব আলম মিনার – সম্পাদক আই টি এন নিউজ
২৪ সেপ্টেম্বর ২০২৫ (বুধবার) :
কক্সবাজার জেলা জামায়াতের আমীর ও কক্সবাজার-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, “সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করে নতুন বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর।”

তিনি বলেন, নতুন বাংলাদেশে ধর্মের ভিত্তিতে কোনো বিভেদ বা বৈষম্য থাকবে না। সকল ধর্মের মানুষ বাংলাদেশি পরিচয়ে সমঅধিকার ও মর্যাদার ভিত্তিতে বসবাস করবে। জনগণের সহযোগিতায় দেশ পরিচালনার দায়িত্ব পেলে জামায়াতে ইসলামী একটি নিরাপদ, বাসযোগ্য ও সমঅধিকারের সমাজ প্রতিষ্ঠায় কাজ করবে।
বুধবার বিকালে উখিয়ার হোয়াইক্যং ইউনিয়নের হরিখোলা চাকমা সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আনোয়ারী আরও বলেন, “উখিয়া-টেকনাফের মানুষের অধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। স্থানীয় দুঃখ ও দুর্দশা লাঘবে আমরা সবসময় তৎপর।”
হোয়াইক্যং ইউনিয়ন ৪নং ওয়ার্ড সভাপতি নূরুল কবিরের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ নুরুল হোছাইন সিদ্দিকী, টেকনাফ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহ, উপজেলা জামায়াতের অফিস ও অর্থ সম্পাদক মুহাম্মদ হোছাইন এবং হোয়াইক্যং ইউনিয়ন নায়েবে আমীর হাফেজ মুহাম্মদ ইয়াকুব।
সভায় উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার বাবুধন চাকমা, ক্যামেংচিং চাকমা, হরিখোলা বোদ্ধবিহারের প্রতিষ্ঠাতা পরিচালক ও বর্তমান ভান্তে ভদন্ত উ সুমনা বোধিথের, মঙ্গলময় চাকমা, মনিস্বপং চাকমা, আবুল কাশেম, হাজী মুহাম্মদ সিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।