মাহবুব আলম মিনার। ৩০ জুলাই ২০২৬
কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্প-৮ডব্লিউতে গুলিতে জুবাইর (৩০) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলার সঙ্গে আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)-এর সদস্যরা জড়িত থাকতে পারে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।
ক্যাম্পের বাসিন্দাদের ভাষ্যমতে, ২০২৩ থেকে ২০২৫ সালের ধারাবাহিকতায় ২০২৬ সালেও রোহিঙ্গা শরণার্থী শিবিরে প্রাণঘাতী সহিংসতার ঘটনা অব্যাহত রয়েছে। ক্যাম্পে অবৈধ অস্ত্রের বিস্তার এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতার কারণে সাধারণ রোহিঙ্গারা চরম নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছেন বলে অভিযোগ করেন তারা।
বাসিন্দাদের দাবি, বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক শরণার্থীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। তাই এ হত্যাকাণ্ডের দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনার পাশাপাশি শরণার্থী শিবিরে অবৈধ অস্ত্র ও সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রম দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
তবে ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে সংযুক্ত করা হবে।