মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
। মাহবুব আলম মিনার | আই টিএন নিউজ
বাংলাদেশ নৌবাহিনীর বি/২০২৫ ব্যাচের নবীন নাবিকদের বুটক্যাম্প প্রশিক্ষণ সমাপ্তি উপলক্ষে পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ড আজ সকাল থেকে সাজসজ্জায় মুখরিত হয়ে ওঠে। সেখানে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শিক্ষা সমাপনী কুচকাওয়াজ, যা নবীন নাবিকদের সামরিক জীবনের গৌরবময় নতুন অধ্যায়ের সূচক।

অনুষ্ঠানের প্রধান অতিথি নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে তিনি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নাবিকদের মাঝে পুরস্কার প্রদান করেন। এ ব্যাচের মধ্যে রিজান মোল্যা সর্বোচ্চ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন। এছাড়া মো. মারুফ হাসান মুন্না ‘কমখুল পদক’ এবং মো. হাসান আলী ‘শের-ই-বাংলা পদক’ অর্জন করে সম্মানিত হন।

ভাষণে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা, নৌ কমান্ডোদের আত্মত্যাগ এবং জুলাই–আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি নবীন নাবিকদের প্রতি আহ্বান জানান—আধুনিক, ত্রিমাত্রিক ও শক্তিশালী নৌবাহিনীর দায়িত্ব পালনে দক্ষতা, নিষ্ঠা ও দেশপ্রেমকে প্রাধান্য দিতে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, নতুন এ নাবিকরা দেশের সমুদ্রসীমা সুরক্ষা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দেশ সেবায় তাদের এই যাত্রা হোক সম্মান, গৌরব আর দৃঢ় দায়িত্ববোধে পরিপূর্ণ।
