মাহবুব আলম মিনার। ১৫ জুলাই ২০২৬
৮৫০ জনকে বিনামূল্যে চিকিৎসা, বিতরণ করা হলো বিশুদ্ধকরণ ট্যাবলেট ও স্যালাইন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দুর্গত ও ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়া।
বুধবার (১৫ জুলাই) সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। এ সময় বন্যাকবলিত মানুষের মধ্যে এক হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং এক হাজার প্যাকেট খাবার স্যালাইন বিনামূল্যে বিতরণ করা হয়।
এতে আরও বলা হয়, পাঁচজন অভিজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম দিনব্যাপী রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসাসেবা প্রদান এবং ব্যবস্থাপত্র অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করে।
এ কার্যক্রমের আওতায় উপজেলার প্রায় ৮৫০ জন মানুষ চিকিৎসাসেবা ও ওষুধ গ্রহণ করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চলমান বর্ষা মৌসুমে অতিবৃষ্টির কারণে সাতকানিয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। একই সঙ্গে পানিবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়টি গুরুত্ব পায়। সেই প্রেক্ষাপটে ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়া এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করে।
এ ধরনের জনকল্যাণমূলক মেডিকেল ক্যাম্প কক্সবাজার জেলার অন্যান্য বন্যাকবলিত উপজেলাতেও পর্যায়ক্রমে পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানায়, দুর্যোগকালীন সময়ে দেশের জনগণের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান এবং জনসেবামূলক কার্যক্রম পরিচালনা তাদের ধারাবাহিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। সংশ্লিষ্টদের আশা, সেনাবাহিনীর এই উদ্যোগ বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং পানিবাহিত রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।