কামাল উদ্দিন। ১৫ জানুয়ারি ২০২৬:
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাদক পাচারবিরোধী অভিযানে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) ৭২ লাখ টাকা মূল্যের ২৪ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার রিজিয়নের অধীন রামু সেক্টরের দায়িত্বপূর্ণ এলাকা জুড়ে সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য পাচার, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে রামু ব্যাটালিয়নের অধীন মরিচ্যা যৌথ চেকপোস্টে এই অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, সকাল ৮টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় নায়েব সুবেদার আব্দুল আওয়ালের নেতৃত্বে টহল জোরদার করা হয়। এ সময় একটি সন্দেহজনক যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে এফডিএমএন (রোহিঙ্গা) মো. সাহেদ (১৯) নামের এক যুবককে সন্দেহ হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক বহনের কথা অস্বীকার করে। পরে তার বহনকৃত ব্যাগ পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে বিশেষভাবে লুকানো অবস্থায় ২৪ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ টাকা।
আটক মো. সাহেদ উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের (ক্যাম্প নং–১০, ব্লক–জি-১৫) বাসিন্দা এবং তার পিতার নাম মো. ওসমান গনি।
বিজিবি জানায়, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত এলাকায় মাদক পাচার ও অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।