সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিবেদক | আইটিএন নিউজ
কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) একটি বিশেষ অভিযানে মরিচ্যা যৌথ চেকপোস্ট থেকে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক বেসামরিক পাচারকারীকে আটক করেছে। আটক ব্যক্তি নিজেকে নৌবাহিনীর সদস্য পরিচয় দিয়ে চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করেছিলেন বলেও জানিয়েছে বিজিবি।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) জানায়, বর্ডার গার্ড বাংলাদেশ দক্ষিণাঞ্চলের বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে দায়িত্ব পালন ছাড়াও মাদকদ্রব্য, চোরাচালান, অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে সফলতার ধারাবাহিকতা বজায় রেখেছে। তারই অংশ হিসেবে সোমবার সকাল ১১টা ৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মরিচ্যা চেকপোস্টে টহল তৎপরতা জোরদার করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি সন্দেহজনক যাত্রীবাহী বাস থামানো হয়। বাসে থাকা যাত্রী মো. সাফায়েত উল্লাহ (২৭), পিতা-মৃত মো. আব্দুর রহমান, গ্রাম–কালিয়াটি, ডাকঘর–মদন, জেলা–নেত্রকোণা—নিজেকে নৌবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেন। তিনি দাবি করেন, তার ব্যাগে কেবল ব্যক্তিগত পোশাক রয়েছে।
তবে তল্লাশিতে নৌবাহিনীর লোগোযুক্ত পোশাক ও বিভিন্ন সামগ্রীর আড়ালে বিশেষভাবে লুকানো ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা। অভিযানের সময় আটক ব্যক্তি নৌবাহিনীর সদস্য হওয়ার কোনো বৈধ পরিচয়পত্র বা প্রমাণ দেখাতে ব্যর্থ হন।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, বেসামরিক ওই ব্যক্তি অভিনব কৌশলে নৌবাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করছিলেন। পরে তাকে মাদকসহ আটক করা হয়।
অভিযান শেষে রামু ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ নিশ্চিত করেন, আইনি প্রক্রিয়া শেষে আটক আসামি ও মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।