নিজস্ব প্রতিবেদক | কক্সবাজার | ২ আগস্ট ২০২৬
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও সীমান্তপথে মাদক এবং মিয়ানমার থেকে গরু চোরাচালানের অভিযোগে অভিযুক্ত ডাকাত কামালের চক্রের সদস্য নুর ওরফে নুরাইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ১০ টার দিকে ঈদগড় পুলিশ ফাঁড়ির অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর নির্দেশনায় ঈদগড় পুলিশ ফাঁড়ির এসআই খোরশেদের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন কৌশল অবলম্বনের মাধ্যমে নুরাইয়াকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়দের অভিযোগ, ঈদগড় ঢালা, করলিয়ামুরা, ভ্যান্ডবামুখ, রাস্তার মাথাসহ আশপাশের এলাকায় কামাল নামে এক ব্যক্তি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি এবং সীমান্তপথে ইয়াবা, আইস ও গবাদিপশু পাচারের সঙ্গে জড়িত। সম্প্রতি গর্জনিয়া এলাকার আরেক অভিযুক্ত শাহীন ডাকাত গ্রেপ্তার হওয়ার পর কামাল আরও বেপরোয়া হয়ে ওঠেন বলেও দাবি করেন তারা। কামাল ডাকাত ও তার সদস্যদের আত্বঙ্কে পুরো ঈদগড় ও বাইশারীর বাজার ব্যবসায়ীরা।
স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য, ঈদগড় হয়ে বাইশারী বাজারে পণ্য পরিবহনের ক্ষেত্রে চাঁদা দিতে বাধ্য করা হতো কামাল ডাকাত । এ নিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা একাধিকবার বাইশারী বাজারে মানববন্ধন করে অভিযুক্তদের গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি জানান।
করলিয়ামুরা এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, “নুরাইয়া গ্রেপ্তারের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। আমরা চাই পলাতক কামাল ও তার অন্য সহযোগীদেরও দ্রুত গ্রেপ্তার করা হোক।”
এ বিষয়ে জানতে চাইলে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, কামাল, জয়নাল ও নুরাইয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে কামালের বিরুদ্ধে দুই ডজনেরও বেশি মামলা রয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ জানিয়েছে, পলাতক অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে ।