মাহবুব আলম মিনার – কক্সবাজার |২০ জানুয়ারি ২০৩৬
কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নে নতুন কৌশলে একটি সংঘবদ্ধ চক্র সমিতির নাম ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অনুসন্ধানে জানা গেছে, প্রতিজনের কাছ থেকে ৩০০ টাকা থেকে শুরু করে দেড় হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, এই চক্রটি মূলত খুরুশকুল ও ভারুয়াখালী ইউনিয়নের সহজ-সরল মানুষকে টার্গেট করে কার্যক্রম চালিয়ে আসছে। এখন পর্যন্ত প্রায় ৬ হাজার মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীরা জানান, সমিতির সদস্যপদ, সুবিধা ও সরকারি সুযোগ পাইয়ে দেওয়ার আশ্বাস দেখিয়ে অর্থ আদায় করা হলেও পরবর্তীতে কোনো কার্যকর সেবা দেওয়া হয়নি। অনেকেই বিষয়টি বুঝতে পেরে এখন প্রতারণার শিকার হওয়ার কথা স্বীকার করছেন।
এ ঘটনায় একটি শক্তিশালী সিন্ডিকেটের অস্তিত্বের তথ্য পাওয়া গেছে। সিন্ডিকেটের প্রধান হিসেবে এডভোকেট শাহাব উদ্দিন নামের একজনের সংশ্লিষ্টতার অভিযোগ সামনে এসেছে। তবে বিষয়টি এখনো যাচাই-বাছাই ও অনুসন্ধানাধীন রয়েছে।
এদিকে, এই প্রতারণা চক্রের সঙ্গে কক্সবাজার বিসিক-এর কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়েও আলাদা করে অনুসন্ধান চলছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
সচেতন মহলের দাবি, দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্তদের আইনের আওতায় এনে ভুক্তভোগীদের অর্থ ফেরত নিশ্চিত করা জরুরি। পাশাপাশি প্রশাসনের নজরদারি না বাড়ালে ভবিষ্যতে এ ধরনের প্রতারণা আরও বিস্তার লাভ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।
অসহায় মানুষের পক্ষে অনুসন্ধান টি চালিয়ে যাচ্ছে সম্মুখ সারীর জুলাই যুদ্ধা শাহাব উদ্দিন চৌধুরী ।