মাহবুব আলম মিনার। ৫ ফেব্রুয়ারি ২০২৬
কক্সবাজারের রামু উপজেলায় রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অভিযানে এক কোটি বিশ লাখ টাকা মূল্যের ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক সিএনজি চালককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়নের অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সূত্র জানায়, লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় এবং মেজর মো. আশিকুর রহমানের নেতৃত্বে সকাল আনুমানিক ৯টা ৫০ মিনিটে মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় টহল জোরদার করা হয়। এ সময় একটি সন্দেহজনক সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে সিএনজি চালক মো. আজিজুজ্জামান (৩৪), পিতা- মো. নজির আহমদ, গ্রাম- রঙ্গিখালী, ডাকঘর- রঙ্গিখালী, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার—কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি প্রথমে মাদক বহনের বিষয়টি অস্বীকার করেন। পরবর্তীতে সিএনজির যাত্রী আসনের নিচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় এক কোটি বিশ লাখ টাকা মূল্যের ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
আটক আসামিকে উদ্ধারকৃত ইয়াবাসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
উল্লেখ্য, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) দীর্ঘদিন ধরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাদকদ্রব্য পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে এবং নিয়মিত সফল অভিযান পরিচালনা করে আসছে।