সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিবেদক | আইটিএন নিউজ
কক্সবাজারের উখিয়ায় সীমান্তজুড়ে মাদকবিরোধী কঠোর নজরদারির অংশ হিসেবে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অভিযান চালিয়ে একটি সিএনজি থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। রোববার (২৩ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে হোয়াইক্যং চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, রাতের টহলকালীন একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টের দিকে এলে কর্তব্যরত সদস্যরা তল্লাশির জন্য গাড়িটি থামতে নির্দেশ দেন। তবে তল্লাশি শুরু হওয়ার আগেই সিএনজিচালক গাড়ি ফেলে রেখে দৌড়ে গ্রাম এলাকায় পালিয়ে যায়। এসময় বিজিবি সদস্যদের সন্দেহ হলে সিএনজিটা তল্লাশি করা হয়।
পরবর্তীতে সিটের তালা ভেঙে ভিতরের বক্সে তল্লাশি চালিয়ে খাকি স্কচটেপ মোড়ানো বায়ুরোধী ২ কাটে মোট ২০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে গাড়িতে অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি। চালককে গ্রেফতারে হোয়াইক্যং বিজিবির একটি বিশেষ দল রাতভর গ্রাম তল্লাশি চালালেও তাকে পাওয়া যায়নি।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন, পিএসসি বলেন, “মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চক্রগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ও সিএনজি মোতাবেক আইনগত ব্যবস্থা নিয়ে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”
তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, বরং চোরাচালান ও মাদক প্রতিরোধেও অত্যন্ত কঠোর অবস্থান বজায় রেখেছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরেই সীমান্ত নিরাপত্তা, মাদক প্রতিরোধ ও অবৈধ কার্যক্রম দমনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছে। এসব ধারাবাহিক অভিযানে টেকনাফ–উখিয়া অঞ্চলের বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও আস্থা বাড়ছে।