বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
স্টাফ রিপোর্টার: মোঃ মোরশেদ আলম চৌধুরী
কক্সবাজারের চকরিয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাতিজার ঘুষিতে চাচার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে কাকারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের শাহ্ ওমরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ কালু (৮০) ওই এলাকার মকবুল আলীর ছেলে। গ্রেপ্তারকৃত অভিযুক্ত ভাতিজা আলী আহমদ (৬৮) একই গ্রামের সুরত আফজালের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ঘুষিতে চাচা নিহত হয়েছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে
ঘটনার পরপরই উত্তেজিত গ্রামবাসী আলী আহমদের বাড়ি ঘেরাও করে রাখে। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কীভাবে ঘটল এ মৃত্যু?
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল দুই পক্ষের মধ্যে। বুধবার সকালে বিষয়টি সমাধানে একটি বৈঠক বসে। বৈঠকের এক পর্যায়ে তুমুল বাকবিতণ্ডা শুরু হলে ভাতিজা আলী আহমদ চাচা মোহাম্মদ কালুর বুকে ঘুষি মারেন। সঙ্গে সঙ্গে বৃদ্ধ কালু মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি করেছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় টহল জোরদার করেছে।