নজরুল ইসলাম (লামা, বান্দরবান) প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে বান্দরবানের লামা উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নে এক বিশাল জনসভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২৯৪ নং আসনে বিএনপি মনোনীত কক্সবাজার–১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব সালাউদ্দিন আহমেদ।
জনসভায় যোগ দিতে আসার পথে তিনি লামার ইয়াংছা এলাকায় অবস্থিত জীনামেজু অনাথ আশ্রমে যান এবং আশ্রমের প্রতিষ্ঠাতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। পরে লামা পৌর বাস টার্মিনালে পৌঁছালে লামা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তাকে উষ্ণ স্বাগত জানান। একইসঙ্গে গজালিয়া জীপ স্টেশনে লামা মোটরসাইকেল সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়।
পরবর্তীতে বমু বিলছড়ি ইউনিয়নের শহীদ আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি বিএনপির নির্বাচনী ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরেন এবং কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড ও ফ্যামিলি কার্ডসহ সাধারণ মানুষের জন্য প্রস্তাবিত নানা সুযোগ-সুবিধার কথা উল্লেখ করেন। এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ‘আই হ্যাভ এ প্ল্যান’ কর্মসূচির ব্যাখ্যা তুলে ধরেন এবং জনগণের জীবনমান উন্নয়নে বিএনপির পরিকল্পনার কথা জানান।
জনসভায় উপস্থিত ছিলেন লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব আমির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থোয়াইনু অং চৌধুরী, বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল মতলব এবং বিএনপি নেতা নুরুল আবছার। জনসভায় সভাপতিত্ব করেন বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব গিয়াসউদ্দিন।
বক্তব্যের শেষ পর্যায়ে সালাউদ্দিন আহমেদ উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করেন এবং ঘরে ঘরে গিয়ে পরিবারের সকল সদস্যদের কাছে তার সালাম পৌঁছে দেওয়ার পাশাপাশি আসন্ন নির্বাচনে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান।