মাহবুব আলম মিনার | ২৬ অক্টোবর ২০২৬
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. ইরফান (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) দুপুর ২টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১১ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি-১৫ (সিপিসি-২, হোয়াইক্যং)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫, কক্সবাজারের একটি অভিযানিক দল ক্যাম্প-১১ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন, অপহরণ ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইরফানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইরফান ওই ক্যাম্পের বাসিন্দা সৈয়দ আলম ও ফাতেমা খাতুনের ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে নগদ ১১ হাজার ৫০০ টাকা, পাঁচ অস্ট্রেলীয় ডলার এবং একটি মুঠোফোন জব্দ করা হয়।
পরে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।