রামুর মরিচ্যা চেকপোস্টে ৮০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক
কক্সবাজার | ২৯ নভেম্বর ২০২৫। মাহবুব আলম মিনার সম্পাদক আই টি এন নিউজ
কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) মরিচ্যা যৌথ চেকপোস্টে বিশেষ অভিযানে ৮০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে এক সিএনজি চালককে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি চল্লিশ লাখ টাকা।
৩০ বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্ডার গার্ড বাংলাদেশ দীর্ঘদিন ধরে সীমান্তজুড়ে চোরাচালান, মাদক পাচার ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে কঠোর ভূমিকা পালন করছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাত ১০টা ১০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মরিচ্যা চেকপোস্টে টহল বাড়ানো হয়।
এসময় একটি সন্দেহজনক সিএনজি থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে চালক আলী জাফর (৩৬)—পিতা মৃত মীর আহমদ, গ্রাম তুতুর বিল, রাজাপালং ইউনিয়ন, উখিয়া—প্রথমে কোনো ধরনের অবৈধ মালামালের বিষয়টি অস্বীকার করেন। পরে সিএনজিটি তল্লাশি করে চালকের সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ৮০,০০০ পিস ইয়াবা পাওয়া যায়।
অভিযানটি পরিচালনা করেন রামু ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. কবির হোসেন, ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায়।
আটক আসামি ও উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।