শাকুর মাহমুদ চৌধুরী, (উখিয়া) কক্সবাজারঃ
কক্সবাজারের টেকনাফে আসন্ন হোয়াইকং ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ তাহের নঈম। তিনি বর্তমানে দৈনিক কক্সবাজার ৭১-এর সহ-সম্পাদক এবং টেকনাফ প্রেসক্লাব-এর সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
জনপ্রিয় এ সাংবাদিক হোয়াইকং ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়ে স্থানীয় ভোটার, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। একই সঙ্গে তিনি পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে মুহাম্মদ তাহের নঈম একজন সৎ, ন্যায়পরায়ণ ও দায়িত্বশীল গণমাধ্যমকর্মী হিসেবে কক্সবাজার জেলায় সুনাম অর্জন করেছেন। তিনি দেশের শীর্ষ প্রিন্ট পত্রিকা দৈনিক আমার দেশ-এর টেকনাফ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
পত্রিকাটি সম্পাদনা করেন বিশিষ্ট সম্পাদক ড. মাহমুদুর রহমান। তাঁর সম্পাদনায় প্রকাশিত এ জাতীয় দৈনিকে সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে স্থানীয় সাংবাদিক মহলে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন তাহের নঈম।
সাংবাদিকতার পাশাপাশি তিনি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখছেন। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার অবস্থান, মাদক ও অপরাধবিরোধী সংবাদ প্রকাশ এবং সাধারণ মানুষের ন্যায্য দাবি তুলে ধরায় তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
স্থানীয়দের মতে, সুশিক্ষিত, মানবিক ও দক্ষ নেতৃত্বের প্রতীক হিসেবে মুহাম্মদ তাহের নঈম হোয়াইকং ইউনিয়নের উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন। তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখের সংবাদ সংগ্রহ ও প্রচারের মাধ্যমে এলাকার বাস্তব সমস্যা গভীরভাবে উপলব্ধি করেছেন।
নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ইউনিয়নের উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে হোয়াইকংকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো।
তিনি জানান, নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, যুবসমাজকে কর্মমুখী করা এবং দুর্নীতিমুক্ত পরিষদ গঠনে অগ্রাধিকার দেবেন। পাশাপাশি অসহায়, নিম্নআয়ের মানুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে বিশেষ পরিকল্পনা গ্রহণ করবেন।
টেকনাফের রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে তাঁর প্রার্থী হওয়ার ঘোষণায় নতুন আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, গণমাধ্যমে দীর্ঘ অভিজ্ঞতা ও সামাজিক গ্রহণযোগ্যতা তাঁকে একটি শক্ত অবস্থানে নিয়ে যাবে।
হোয়াইকং ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এখন এলাকার রাজনৈতিক পরিবেশ ক্রমেই প্রাণবন্ত হয়ে উঠছে। স্থানীয়রা প্রত্যাশা করছেন, সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে ইউনিয়নে উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসন নিশ্চিত হবে।