মাহবুব আলম মিনার - সম্পাদক আই টি এন নিউজ
বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫):
আজ শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন, এসবিপি’র প্রথম শাহাদাত বার্ষিকী। গত বছরের এই দিনে কক্সবাজারের চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানে অংশ নিয়ে সাধারণ মানুষের জীবন ও সম্পদ রক্ষায় বীরত্বের সঙ্গে লড়াই করেন তিনি। একাই একাধিক ডাকাতকে পরাস্ত করতে গিয়ে শত্রুর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মাত্র ২৩ বছর বয়সে শাহাদাত বরণ করেন এই তরুণ সেনা কর্মকর্তা।
তাঁর এই অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ মরণোত্তর সেনাবাহিনী পদক (এসবিপি) প্রদান করা হয়। প্রথম শাহাদাত বার্ষিকীতে বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁর স্মৃতি স্মরণ করছে। সেনাবাহিনী জানায়, শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের মতো অকুতোভয় সেনাসদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীর গর্ব এবং আগামীর প্রজন্মের জন্য এক চিরন্তন প্রেরণার উৎস।